বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শায় নিয়মিত মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে সাবেক দুই ইউপি সদস্য, একটি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের এক কর্মী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
আটকরা হলেন—শার্শা থানার পাড়িয়ার ঘোম গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে খোরশেদ আলম (৫০), রাড়িপুকুর গ্রামের তফসের আলীর ছেলে শেখ নাজমুল হাসান (৫১), গোপালপুর গ্রামের মৃত সুরত আলীর ছেলে ইমানুর রহমান (৫৩) এবং আমলাই গ্রামের শাহাজান কবিরের ছেলে আবু বক্কর সিদ্দিক ওরফে হৃদয় (২২)।
পুলিশ জানায়, শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬, জিআর নং-৩০২ এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪/৬ ধারায় করা মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে খোরশেদ আলমকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। একই দিন রাত ১১টার দিকে শেখ নাজমুল হাসানকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরদিন ২৭ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে ইমানুর রহমান এবং দুপুর সাড়ে ১টার দিকে আবু বক্কর সিদ্দিক ওরফে হৃদয়কে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, আটক ইমানুর রহমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক এবং আবু বক্কর সিদ্দিক ওরফে হৃদয় ছাত্রলীগের সক্রিয় কর্মী।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটক চারজনকে ২৭ সেপ্টেম্বর যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




















