সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে ‘খুনি’ ও ‘জাতির দুশমন’ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, গত ১৫ বছর ধরে দেশের মানুষকে নিপীড়নকারী অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
হুমায়ুন কবির বলেন, বেনজীর আহমেদ শুধু জামায়াতে ইসলামী বা বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেননি, সাধারণ মানুষকেও হত্যা করেছেন এবং মিথ্যা মামলা দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তিনি বলেন, ‘সে দেশের দুশমন, জাতির দুশমন। তার বিরুদ্ধে আমাদের এক হতে হবে।’
সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেমের প্রতি সহানুভূতি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিরোধী দলে থাকা অবস্থায় তিনি যে নিপীড়নের শিকার হয়েছেন, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। তাকে শুধু জামায়াতে ইসলামীর সদস্য হিসেবে নয়, একজন বিরোধীদলীয় কর্মী হিসেবে দেখা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলী প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা ব্যক্তিদের বিষয়ে সরকার গুরুত্ব দিয়ে কাজ করবে। তিনি দাবি করেন, ইলিয়াস আলীকে গুমের ঘটনায় কর্নেল জিয়ার সম্পৃক্ততার কথা জানা গেছে এবং তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে শোনা যাচ্ছে। এ ঘটনায় বিচারপ্রক্রিয়া দ্রুত করার কথাও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অপরাধীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে। দেশ লুট ও মানুষ হত্যার সঙ্গে জড়িত হয়ে যারা বিদেশে পালিয়ে গেছেন, তাদেরও দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।
তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে সরকারের পাশে থেকে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহযোগিতা করতে হবে।




















