:
যশোরে কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের হাতে এক ব্যক্তিকে আটকে রাখার ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। তবে ওই ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত এখনো চলছে।
সাজিয়ালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুর রউফ জানান, স্থানীয়রা আওয়ামী লীগের এক নেতাকে আটক করে রেখেছেন—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে পুলিশ জানতে পারে, আটক ব্যক্তি আওয়ামী লীগের নেতা নন; তিনি জামায়াতে ইসলামীর সমর্থক হিসেবে পরিচিত।
পরে পুলিশ তাকে উদ্ধার করে কোতোয়ালি থানায় নিয়ে যায়। তবে ওই ব্যক্তির বিরুদ্ধে কটূক্তির অভিযোগের যে ভিডিও রয়েছে বলে দাবি করা হয়েছিল, সেটি তার কাছে নেই বলে জানান পুলিশ কর্মকর্তা আব্দুর রউফ।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দীন ইসলাম নামে ওই ব্যক্তিকে হেফাজতে নেয়।
তিনি বলেন, ঘটনাটির সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।
পুলিশ জানিয়েছে, কটূক্তির অভিযোগের সত্যতা, ঘটনার প্রকৃত কারণ এবং স্থানীয়দের হাতে ওই ব্যক্তিকে আটকে রাখার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




















