৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যশোরের শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শার্শা উপজেলা কার্যালয় প্রাঙ্গণের কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ কর্মসূচির মধ্য দিয়েই দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৮৫/১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আজিজুর রহমান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা ভূমি কর্মকর্তা মো. নিয়াজ মাখদুম।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, জামায়াতে ইসলামীর শার্শা উপজেলা আমির তৈমুর রহমান, সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন, শার্শা থানার অফিসার ইনচার্জ শামিনুল হক, বেনাপোল থানার অফিসার ইনচার্জ আরশাদ হোসেন, সাবেক প্রধান শিক্ষক আব্দুল মান্নান, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ এবং এনসিপির নেতা আকাশ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ৫ আগস্ট বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মত্যাগকারী শহীদদের জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তারা শহীদদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।




















