পাবনার বেড়া উপজেলার আমিনপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই স্কুলছাত্রের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। তবে অপর শিক্ষার্থীর এখনও কোনো সন্ধান মেলেনি। বুধবার (৫ আগস্ট) সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে যমুনা নদীর কাজিরহাট ঢালারচর এলাকার দাশপাড়া পয়েন্ট থেকে প্রভাত সরকার (১৫) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
কাজিরহাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরবিন্দ সরকার জানান, নিখোঁজ দুই শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আলোকস্বল্পতার কারণে মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়। বুধবার সকাল থেকে আবারও অভিযান শুরু হয়েছে।
নিহত প্রভাত সরকার গাজীপুর সদর উপজেলার মিঠুলাল সরকারের ছেলে। এখনও নিখোঁজ রয়েছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধলতোষা গ্রামের অনুতোষ রায়ের ছেলে বিনয় রায় (১৫)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই এবং দুজনই নবম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই কিশোর আমিনপুর থানার খানপুরা মধ্যপাড়া এলাকায় নিমাই করাতির বাড়িতে বেড়াতে এসেছিল। সোমবার (৩ আগস্ট) দুপুরে বাড়ির পাশের যমুনা নদীর নটাখোলা পয়েন্টে গোসল করতে নামে তারা। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তলিয়ে যায় দুজন।
ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।
মঙ্গলবার দিনভর অভিযানের পর বিকেলে প্রভাত সরকারের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। তবে বিনয় রায়ের কোনো খোঁজ না পাওয়ায় উদ্ধার অভিযান বুধবারও অব্যাহত রয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার না করা পর্যন্ত অনুসন্ধান কার্যক্রম চলবে।




















