যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভ্যানিটি ব্যাগ চুরি করে পালানোর সময় রফিকুল হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন রোগী ও স্বজনরা। শুক্রবার (৩১ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে হাসপাতালের তৃতীয় তলার মহিলা মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আটক রফিকুল হাওলাদার খুলনা জেলার সোনাডাঙ্গার দারোগার ভিটা এলাকার শহিদুল হাওলাদারের ছেলে।
হাসপাতাল সূত্র ও ভুক্তভোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, চৌগাছা উপজেলার বাজে খাপুর গ্রামের মৃত মতলেব হাওলাদারের স্ত্রী হালিমা খাতুন (৬০) তাঁর মেয়ে কল্পনাকে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি করার প্রস্তুতি নিচ্ছিলেন।
এ সময় সুযোগ বুঝে রফিকুল হাওলাদার হালিমা খাতুনের সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগটি নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে হালিমা চিৎকার শুরু করলে আশপাশের রোগী ও তাদের স্বজনরা এগিয়ে আসেন। পরে তারা রফিকুলকে ধাওয়া করে হাসপাতাল চত্বরেই আটক করেন।
আটকের পর তাঁর কাছ থেকে চুরি যাওয়া ভ্যানিটি ব্যাগটি উদ্ধার করা হয় বলে জানা গেছে। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতাল চত্বরে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।




















