ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফরোজা খাতুন (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আফরোজা খাতুন শ্রীপুর গ্রামের শামীম হোসেনের স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আফরোজা খাতুন রাইস কুকারে ভাত রান্না করতে দিয়ে পাশের ঘরে যান। কিছুক্ষণ পর পোড়া গন্ধ পেয়ে তিনি দ্রুত রান্নাঘরে ফিরে আসেন। এরপর রাইস কুকারের ঢাকনা খুলতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান তিনি। এ সময় রাইস কুকারের গরম পানিও তাঁর শরীরে পড়ে।
পরে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক রাত ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ছোয়া ইসরাইল বলেন, হাসপাতালে আনার আগেই আফরোজা খাতুনের মৃত্যু হয়েছে।




















