যশোর শহরের রেলগেট এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অপু মণ্ডল (২৭) নামে এক কলেজছাত্র আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় শহরের রেলগেট প্রাইভেট স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আহত অপু মণ্ডল মাগুরা জেলার শালিখা উপজেলার বাউলে গ্রামের বাবুরাম মণ্ডলের ছেলে। তিনি যশোর সরকারি এম এম কলেজের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি তিনি শহরের তালতলা এলাকার একটি মেসে থাকেন।
আহত অপু মণ্ডল জানান, শুক্রবার সন্ধ্যায় তিনি রেলস্টেশন এলাকায় এক শিক্ষার্থীকে পড়াতে যাচ্ছিলেন। পথে রেলগেট প্রাইভেট স্ট্যান্ড এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে আসা চার অজ্ঞাত ব্যক্তি তার পথরোধ করে। এ সময় তারা ছুরির ভয় দেখিয়ে সঙ্গে থাকা টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র বের করে দিতে বলে।
অপু জানান, তার মানিব্যাগে মাত্র ৯০ টাকা ছিল। অল্প টাকা দেখে ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা তাকে ছুরিকাঘাত করে এবং তার মানিব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ওই মানিব্যাগে জাতীয় পরিচয়পত্র (এনআইডি)সহ গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র ছিল।
তিনি আরও বলেন, হামলাকারীদের বয়স আনুমানিক ২৭ থেকে ৩০ বছরের মধ্যে। তারা দুটি মোটরসাইকেলে চলাচল করছিল এবং পরিকল্পিতভাবে পথরোধ করে ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে বলে তার ধারণা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অপু মণ্ডল বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তার শরীরে ছুরিকাঘাতের আঘাত গুরুতর হলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। সন্ধ্যার পর ব্যস্ততম রেলগেট এলাকায় এমন ছিনতাইয়ের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।





















