যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে শার্শা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বাগআঁচড়া সাতমাইল মাঠপাড়া গ্রামের বিল্লাল গাজীর ছেলে দুর্জয় গাজী, মৃত রমজান আলীর ছেলে কোরমান মোল্লা, মৃত জুড়ান গাজীর ছেলে কদর আলী, মৃত দীন আলীর ছেলে আনছার আলী, মৃত লুৎফর রহমানের ছেলে ওলিয়ার রহমান এবং মৃত হাকিম মোড়লের ছেলে রেজাউল করিম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত কয়েকজন আসামি উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থান করছেন। পরে শার্শা থানা পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ওই ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, অপরাধ দমন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে শার্শা থানা পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।





















