দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা গ্রহণ এবং ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে যশোরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন একদল এইচএসসি পরীক্ষার্থী।
মঙ্গলবার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেন। বিক্ষোভে তারা শিক্ষাব্যবস্থার বিভিন্ন অসঙ্গতির প্রতিবাদ জানিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
বিক্ষোভকারীরা বলেন, টানা বৈরী আবহাওয়া, বন্যা ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে চরম দুর্ভোগের শিকার হয়েছেন। এমন পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত না করে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়ায় তারা মানসিক চাপ ও ভোগান্তির মধ্যে পড়েছেন।
এ ছাড়া কয়েকটি বিষয়ের প্রশ্নপত্রে ভুল ও অসঙ্গতি ছিল বলে অভিযোগ করে শিক্ষার্থীরা জানান, এতে অনেক পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণ এবং প্রশ্নপত্র প্রণয়নে দায়িত্বে অবহেলার বিষয়ে নিরপেক্ষ তদন্ত করতে হবে। একই সঙ্গে এসব ঘটনার দায় স্বীকার করে শিক্ষামন্ত্রীর পদত্যাগেরও দাবি জানান তারা।
আন্দোলনকারীরা জানান, ‘শিক্ষার্থী ঐক্য’ নামে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক একটি প্ল্যাটফর্মের মাধ্যমে তারা সংগঠিত হয়েছেন। ওই প্ল্যাটফর্মের আহ্বানে দেশব্যাপী শান্তিপূর্ণ আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে যশোরসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড বহন করেন এবং শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে স্লোগান দেন। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।




















