যশোরের শার্শা উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক পলাতক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার একটি চৌকস পুলিশ দল উপজেলার দুর্গাপুর গ্রামের মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানের সময় দুর্গাপুর গ্রামের আব্দুল বাতেন (৪৮) নামে এক ব্যক্তির বসতবাড়ির উঠানে পড়ে থাকা একটি বাজারের ব্যাগ তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আব্দুল বাতেন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে উদ্ধার করা গাঁজা জব্দ তালিকামূলে জব্দ করা হয়। এ ঘটনায় পলাতক আব্দুল বাতেনের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া মাদক জব্দ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



















