বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৫৯ হাজার ৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
শনিবার (১৩ জুন) দিনব্যাপী বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি এলাকার সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ১৭টি শাড়ি, ১০টি কম্বল, ১২টি ঘড়ি, ৪ কেজি জিরা, ১ কেজি কিসমিস, ৬ কেজি ফুসকা, ৪৫টি বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী, ২১টি স্টিলের প্লেট ও চামচ, ২৪টি ওষুধ, ১৫৫টি চকলেট এবং ২০৮টি প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, সীমান্ত পথে অবৈধভাবে এসব পণ্য দেশে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছিল। তবে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির কারণে চোরাকারবারিরা পণ্যগুলো ফেলে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করা হয়।
এ বিষয়ে গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।”
তিনি আরও বলেন, “সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি জোরদার হওয়ায় সাম্প্রতিক সময়ে চোরাচালান কার্যক্রমে কিছুটা ভাটা পড়েছে। তবে অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে সীমান্তজুড়ে অভিযান ও তল্লাশি কার্যক্রম আরও জজোরদার করা হয়েছে।




















