যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে ৩৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন নড়াইল জেলার দেবী উত্তরপাড়া গ্রামের মৃত শেখ জিল্লুর রহমান জিন্নাহর ছেলে শেখ তসলিম উদ্দিন (২৩) এবং যশোর সদর উপজেলার মৃত জামাল বাহাদুরের ছেলে সোহেল রানা (৩০)। সোহেল রানা যশোর শহরের ধর্মতলা এলাকার শিশু আদ্বীন হাসপাতালের পাশের তিন খাম্বার মোড়ে ভাড়াবাসায় বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে শার্শা থানার গোড়পাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিপুর বাজারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে জনৈক মাজিদের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে ৩৮ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘এসকাফ (Eskuf)’ সিরাপ জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।




















