রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার বহুল আলোচিত মামলার রায় আজ রবিবার ঘোষণা করা হবে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এ রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে।
রায়কে কেন্দ্র করে মামলার প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার আদালতে আনা হয়েছে। বর্তমানে তাদের আদালতের হাজতখানায় রাখা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আদালত ৭ জুন রায়ের দিন নির্ধারণ করেন।
মামলার নথি অনুযায়ী, নিহত রামিসা স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ১৯ মে সকালে সে বাড়ি থেকে বের হলে প্রতিবেশী স্বপ্না আক্তার কৌশলে তাকে নিজের বাসায় নিয়ে যান। পরে সেখানে ধর্ষণের পর তাকে নৃশংসভাবে হত্যা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মেয়েকে খুঁজতে গিয়ে রামিসার মা অভিযুক্তদের ঘরের সামনে তার জুতা দেখতে পান। পরে প্রতিবেশীদের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বপ্না আক্তারকে আটক করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করে।
ঘটনার পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তদন্ত শেষে মাত্র পাঁচ দিনের মধ্যে মামলার চার্জশিট দাখিল করে পুলিশ, যা দ্রুততম তদন্ত সম্পন্নের একটি নজির হিসেবে আলোচনায় আসে। মামলায় ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ বহুল প্রতীক্ষিত রায় ঘোষণা করা হচ্ছে।




















