সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন স্থানীয় মুসল্লিরা। বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৭টায় সদর উপজেলার বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. মোহাব্বত আলী।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার ইসলামকাটি, গোয়ালচত্বর, ভাদড়া, ঘোনা ও মিরগিডাঙ্গাসহ আশপাশের অন্তত ২০টি গ্রামের মুসল্লিরা এসব ঈদ জামাতে অংশ নেন। পুরুষদের পাশাপাশি নারীরাও ঈদের নামাজে অংশগ্রহণ করেন।
নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কোরবানি দেন।
মাওলানা মো. মোহাব্বত আলী জানান, তারা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছেন। তার দাবি, গত এক যুগ ধরে এ অঞ্চলের মুসল্লিরা সৌদি আরবের নির্ধারিত তারিখ অনুসরণ করে ধর্মীয় উৎসব পালন করছেন।
তিনি আরও বলেন, সাতক্ষীরা জেলার প্রায় ২০টি গ্রামের মানুষ এবারও একই নিয়ম অনুসরণ করে ঈদের নামাজ আদায় করেছেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




















