যশোর পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
উদ্বোধন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে যশোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চাতালের মোড় থেকে খুলনা মহাসড়ক পর্যন্ত রাস্তা, ড্রেন ও স্ট্রিট লাইট নির্মাণ এবং ৬ নম্বর ওয়ার্ডের রায়পাড়া তেতুলতলা এলাকায় রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলা শাখার সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, পৌর প্রশাসক রফিকুল ইসলাম এবং নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এসব উন্নয়ন কাজ তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ। প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পগুলোর মাধ্যমে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকাংশে কমবে। বিশেষ করে আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা অর্ধেকেরও বেশি হ্রাস পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, যশোর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে কাঠেরপুল ব্রিজ সম্প্রসারণ এবং গরীব শাহ থেকে ঘোপ নওয়াপাড়া সড়ক পর্যন্ত নতুন একটি ব্রিজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ সময় সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান প্রতিমন্ত্রী।




















