যশোরের চৌগাছা উপজেলার বারুইহাটি গ্রামে সড়ক দুর্ঘটনায় আরিয়ান নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। শনিবার (২ মে) সকাল ১১টার দিকে তার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খেলা করতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি ট্রলির ধাক্কায় গুরুতর আহত হয় আরিয়ান। এতে তার মাথায় মারাত্মক আঘাত লাগে। সে বারুইহাটি গ্রামের আব্দুল আজিজের ছেলে।
দুর্ঘটনার পর পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতাল-এ স্থানান্তর করা হয়।
বর্তমানে আরিয়ান যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।





















