বেনাপোলে ৯ লাখ ২০ হাজার টাকার জালনোটসহ কিশোর আটক
যশোরের বেনাপোল আমড়াখালী চেকপোস্টে অভিযান চালিয়ে ৯ লাখ ২০ হাজার টাকার জালনোটসহ এক কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২১ জুন) সকালে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
আটককৃত কিশোরের নাম মো. খালিদ হোসেন (১৭)। তিনি বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের ইছাহাক আলীর ছেলে।
বিজিবি সূত্রে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান ও জালনোট পাচার রোধে বিজিবির চলমান বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় আমড়াখালী চেকপোস্টে সন্দেহভাজন হিসেবে খালিদকে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে ৯ লাখ ২০ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ মালামাল পাচার প্রতিরোধে বিজিবি’র বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে গোয়েন্দা তৎপরতা ও অভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।”
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল মিয়া জানান, “বিজিবি এখনো আটককৃত আসামিকে থানায় হস্তান্তর করেনি। হস্তান্তর করা হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



























