যশোরে স্বামীর কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে লিপি বেগম (৪৫) নামে এক নারী বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। সোমবার যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের মৃত রফিক উদ্দীন মোল্যার ছেলে আলী রেজা রাজু বাদী হয়ে মামলাটি করেন।
মামলাটি আমলে নিয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আছাদুল ইসলাম অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৪ ফেব্রুয়ারি ঢাকার আশুলিয়া থানার জামগড়া এলাকার আব্দুল আজিজের মেয়ে লিপি বেগমের সঙ্গে আলী রেজা রাজুর বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের তিনটি সন্তান রয়েছে।
রাজুর অভিযোগ, বিয়ের পর থেকেই লিপি বেগম তার মা ও ভাইদের প্ররোচনায় বসতবাড়িসহ ১২ শতক জমি নিজের নামে রেজিস্ট্রি করে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। এছাড়া জমি না দিলে ২০ লাখ টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্যও চাপ সৃষ্টি করেন তিনি।
এতে রাজি না হওয়ায় প্রায়ই দাম্পত্য কলহ সৃষ্টি হতো বলে অভিযোগ করেন রাজু। একপর্যায়ে লিপি বেগম সংসার না করার হুমকি দেন এবং মিথ্যা মামলায় জড়িয়ে জেল খাটানোর ভয়ও দেখান বলে দাবি করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, গত ৮ এপ্রিল রাজুর অনুপস্থিতিতে লিপি বেগম বাড়ি থেকে প্রায় ৬ লাখ টাকার মালামাল ট্রাকে করে নিয়ে বাবার বাড়িতে চলে যান। পরে রাজু বিষয়টি জানতে পেরে স্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে লিপি বেগম জানিয়ে দেন, জমি রেজিস্ট্রি করে দেওয়া বা ২০ লাখ টাকা ব্যাংকে জমা না দিলে তিনি আর সংসারে ফিরবেন না।
ঘটনায় আদালতের নির্দেশে তদন্ত শুরু হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।





















