যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় শরিকী সম্পত্তির সীমানা বিরোধের জেরে এক রাজমিস্ত্রির বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী আনিচুর রহমান বাদী হয়ে রোববার (১৫ মার্চ) যশোরের আদালতে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আদেশ দিয়েছেন।
:
ঝুমঝুমপুর এলাকার মৃত মোজাজার মোল্যার ছেলে জাহিদুর রহমান ও মফিজুল, মৃত আব্দুল মান্নানের ছেলে সুলতান, আলী আহম্মেদের ছেলে সুমন, মাহমুদের স্ত্রী ঝরণা, জাহিদুর রহমানের স্ত্রী ফিরোজা এবং মারিফুলের স্ত্রী সাজেদা।
ঘটনার বিবরণ:
মামলার আরজি ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শরিকী সম্পত্তির সীমানা নিয়ে বাদী আনিচুর রহমানের সঙ্গে আসামিদের বিরোধ চলে আসছিল। অভিযোগ রয়েছে, আসামিরা প্রভাব খাটিয়ে বাদীর জমি ও বসতবাড়ি দখলের চেষ্টা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২১ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে আনিচুরের বসতবাড়িতে অনাধিকার প্রবেশ করে হামলা চালানো হয়।
আনিচুর রহমান আরজিতে উল্লেখ করেন, সুলতানের নির্দেশে জাহিদুর রহমান ও মফিজুল লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে তাকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করেন। এ সময় তাকে বাঁচাতে তার ছেলে ও মাদ্রাসাপড়ুয়া কন্যা এগিয়ে এলে আসামিরা তাদের ওপরও চড়াও হয়। অভিযোগে বলা হয়, জাহিদুর রহমান বাদীর কন্যার শ্লীলতাহানি ঘটান এবং ঝরণা ও ফিরোজা তাকে মারধর করে জখম করেন। এমনকি সুমন ও জাহিদুর রহমান বাদীর ছেলেকে লোহার রড দিয়ে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও চালান।
:
হামলাকারীরা বসতবাড়ির টিনের বেড়া, চাল, দরজা-জানালা ও টিউবওয়েল ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ সময় সাজেদা বাদীর ঘর থেকে ১৫ হাজার টাকা মূল্যের একটি মুঠোফোনও চুরি করে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।
বাদী আনিচুর রহমান জানান, ঘটনার সময় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দেখে আসামিরা সাময়িকভাবে সটকে পড়লেও পুলিশ চলে যাওয়ার পর তারা পুনরায় ফিরে আসে। এরপর পেট্রোল দেখিয়ে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া ও পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়। বর্তমানে জাহিদুর রহমান, মফিজুল, সুলতান ও সুমন তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করছেন বলেও তিনি অভিযোগ করেন।
বর্তমান অবস্থা:
প্রাণনাশের ভয়ে এবং কন্যার নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে সপরিবারে বাড়ি ছেড়ে অন্যত্র ভাড়া বাসায় মানবেতর জীবন যাপন করছেন এই রাজমিস্ত্রি। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার ও নিজের ভিটায় নিরাপদে ফেরার দাবি জানিয়েছেন।
০৯:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
শিরোনাম:
যশোরে শরিকী বিরোধে রাজমিস্ত্রির বাড়িতে হামলা ও ভাঙচুর
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৮:২০:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- ৫১৩
সর্বাধিক পঠিত




















