যশোর সদর উপজেলার বকচর বিহারী কলোনি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২৩ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও একজন।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে যশোর সদর উপজেলার বকচর বিহারী কলোনি এল মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আরাফাত (২৩)। তিনি যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের মৃত হারেজের ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছেন একই গ্রামের সজীব (২৫), যিনি আজিজুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১২টা ২০ মিনিটের দিকে আরাফাত ও সজীব একটি জিক্সার (Gixxer) মোটরসাইকেলে করে মনিহার এলাকা থেকে নিজেদের বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে বকচর বিহারী কলোনির সামনে পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খায়। ধাক্কার তীব্রতায় আরোহী দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন দ্রুত আহত দুজনকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরাফাতকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সজীব বর্তমানে ওই হাসপাতালেরই চিকিৎসাধীন আছেন।





















