– যশোর কেন্দ্রীয় কারাগারে আটক যুবলীগ কর্মী রিমন (শহরের ঘোপ জেল রোড এলাকার আব্দুল জব্বারের ছেলে) অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারাগার কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ৯টার দিকে কারাগারের অভ্যন্তরে থাকা অবস্থায় হঠাৎ করে রিমন বুকে ব্যথা ও বমি করতে শুরু করেন। তাৎক্ষণিকভাবে কারা কর্তৃপক্ষ তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দিলেও অবস্থার উন্নতি হচ্ছিল না।
পরে কারারক্ষীদের পাহারায় রাত প্রায় সাড়ে ১০টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয় এবং রাত সাড়ে ১১টার দিকে তাকে সেখানে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আটক রিমন সাবেক কাউন্সিলার হাজী সুমনের অনুসারী বলে জানা গেছে। সম্প্রতি যুবলীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যশোর শহরে একটি সংক্ষিপ্ত ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। যুবলীগ নেতা হাজী সুমন এই মিছিলের নেতৃত্বে ছিলেন। এই ঘটনা সংক্রান্ত একটি মামলায় যুবলীগ কর্মী রিমনকে আটক করা হয়েছিল।




















