নিজস্ব প্রতিনিধিঃ যশোরের কেশবপুরে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোহনা টিভির জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন (২৬), ওরফে স্বাধীন আব্দুল্লাহকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আব্দুল্লাহ আল মামুন কেশবপুর উপজেলার ঝিকরা গ্রামের সোলাইমান হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ নভেম্বর বিকেলে কেশবপুর পৌর ভবনের পেছনে পুরাপাড়া এলাকা থেকে এসসিপির নেতাকর্মীরা তাকে আটক করেন। পরে তাকে কেশবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ জানান, গত ১৮ সেপ্টেম্বর সকালে কেশবপুর পৌরসভার হাজী লস্কর মোড়ল সড়কের চিংড়া হোটেলের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল ও সমাবেশ করেন। এ সময় তারা লাঠিসোঁটা, লোহার রড, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ওই দিনই কেশবপুর থানায় ৫০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
এসআই মাসুম বিল্লাহ আরও জানান, ওই ঘটনার সঙ্গে আব্দুল্লাহ আল মামুনের জড়িত থাকার বিষয়ে তদন্তে প্রমাণ পাওয়ায় তাকে মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।




















