যশোর শহরের পুরাতন কসবা এলাকায় ১০ বছরের শিশুসন্তানকে নির্যাতনের প্রতিবাদ করতে গিয়ে প্রতিবেশী এক ভাড়াটিয়ার নির্মম হামলার শিকার হয়েছেন এক নারী। শিশুটিকে মারধরের কারণ জানতে চাওয়ায় তাঁর মুখে ইট দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করা হয়েছে।
আহত নারীর নাম সুমাইয়া। তিনি যশোর আইটি পার্কে কর্মরত এবং স্থানীয় বাসিন্দা তানজিবের স্ত্রী। গত মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় গুরুতর আহত সুমাইয়া বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী পরিবার জানান, মঙ্গলবার দুপুর আনুমানিক ২টার দিকে সুমাইয়া কর্মস্থলে থাকায় তাঁর ১০ বছরের ছেলে রেহান বাড়িতে একাই ছিল। এ সময় প্রতিবেশী ভাড়াটিয়া নুরনবী (৪০) অতর্কিতভাবে বাড়িতে ঢুকে শিশু রেহানকে চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মেরে নির্যাতন চালান।
পরবর্তী সময়ে সুমাইয়া কাজ থেকে ফিরে সন্তানের শরীরে আঘাতের চিহ্ন দেখে ঘটনা শোনেন। দুপুর ৩টার দিকে তিনি অভিযুক্ত নুরনবীর কাছে সন্তানকে মারধরের কারণ জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে নুরনবী কুড়িয়ে পাওয়া একটি ইট দিয়ে সুমাইয়ার মুখমণ্ডলে সজোরে আঘাত করেন। ইটের সরাসরি আঘাতে সুমাইয়ার নাক ফেটে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়।
পরিবারের স্বজনরা দ্রুত তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে গেলেও পরবর্তী সময়ে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টার দিকে তাঁকে পুনরায় যশোর জেনারেল হাসপাতালে এনে ভর্তি করা হয়।
অভিযুক্ত নুরনবী পুরাতন কসবা এলাকার স্বপনের বাড়ির ভাড়াটিয়া এবং তাঁর বাবার নাম তাপস। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তির কোনো বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া এই হামলায় থানায় আনুষ্ঠানিকভাবে কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম:
যশোরে প্রতিবেশী ভাড়াটিয়ার ইটের আঘাতে জখম মা হাসপাতালে ভর্তি
-
নিউজ ডেস্ক - আপডেট: ১২:২৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- ৫০৩
সর্বাধিক পঠিত




















