যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৭২ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর সদস্যরা পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব সিরাপ উদ্ধার করেন।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্যের অবৈধ পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে ও নিয়মিত নজরদারির অংশ হিসেবে পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ২৭২ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানি পণ্যের অবৈধ প্রবেশ ও পাচার প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে।




















