সাতক্ষীরার তালায় বিজয়া দশমীতে দুর্গাপ্রতিমার কপালে সিঁদুর দিতে গিয়ে আকস্মিক অসুস্থ হয়ে তন্নী দে (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাতে উপজেলার কুমিরা বাসস্ট্যান্ডসংলগ্ন সার্বজনীন প্রতিমা বিসর্জনস্থলে এ ঘটনা ঘটে। বিয়ের মাত্র চার মাসের মাথায় তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত তন্নী দে সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা গ্রামের মহাদেব দের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, চার মাস আগে যশোরের কেশবপুর উপজেলার এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর এবারই প্রথম বাবার বাড়িতে দুর্গাপূজা উদযাপন করছিলেন তিনি।
তালা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদার, স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বিজয়া দশমীর রাতে প্রতিমা বিসর্জন দেখতে এবং ধর্মীয় রীতি অনুযায়ী দুর্গাদেবীর চরণ ও কপালে সিঁদুর দিতে ননদের সঙ্গে কুমিরা বাসস্ট্যান্ডসংলগ্ন বিসর্জনস্থলে যান তন্নী। সেখানে সহপাঠী ও স্বজনদের সঙ্গে সিঁদুর খেলায় অংশ নেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিমার কপালে সিঁদুর দেওয়ার সময় হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন তন্নী। কিছু বুঝে ওঠার আগেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় উপস্থিত স্বজন ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী চিকিৎসাকেন্দ্রে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
স্থানীয় স্বাস্থ্যকর্মীদের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলেই তন্নীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তীব্র মানসিক উত্তেজনা কিংবা আকস্মিক গুরুতর হৃদ্রোগের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জেল হোসেন তন্নী দের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মাত্র চার মাস আগে বিয়ে হওয়া তন্নীর এমন আকস্মিক মৃত্যুতে স্বজন, পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।




















