চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৫৬৬ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের রাজস্বমূল্য ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় মোহাম্মদ কামরুল ইসলাম নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) আবুধাবি থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীকে বিমানবন্দরের কাস্টমস হলে স্ক্যানিংয়ের সময় সন্দেহজনক হিসেবে শনাক্ত করে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)। পরে ডিজিএফআই, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস গোয়েন্দাদের যৌথ অভিযানে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আটক যাত্রীর ব্যাগেজে থাকা নন-স্টিক প্যান, স্টেইনলেস স্টিলের সবজি ব্লেন্ডার ও বাসন রাখার স্ট্যান্ডের ভেতরে বিশেষ কৌশলে চারটি স্বর্ণের দণ্ড লুকানো ছিল। তল্লাশি চালিয়ে ৪৬৬ গ্রাম ওজনের ওই স্বর্ণের দণ্ডগুলো উদ্ধার করা হয়। এ ছাড়া যাত্রীর কাছে থাকা ১০০ গ্রাম ওজনের একটি স্বর্ণের চুড়িও জব্দ করা হয়েছে।
আটক মোহাম্মদ কামরুল ইসলাম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দোনগ্রা এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, উদ্ধার করা স্বর্ণের রাজস্বমূল্য ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা। জব্দ করা স্বর্ণগুলো বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, আটক যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়ের করে তাঁকে পতেঙ্গা থানা-পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।




















