সৌদি আরবের পবিত্র শহর মদিনা অঞ্চলে হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জোটের পক্ষ থেকে এ দাবি করা হয়। তবে সৌদি জোটের বক্তব্য প্রত্যাখ্যান করে মদিনায় ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ অস্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এক পোস্টে জানান, মদিনা অঞ্চলে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে সৌদি আরবের পূর্বাঞ্চলে একটি ড্রোনও প্রতিহত ও ধ্বংস করার কথা জানান তিনি।
অন্যদিকে, হুথিদের আনসার আল্লাহ আন্দোলনের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি সৌদি ভূখণ্ডে এ ধরনের কোনো হামলা চালানোর কথা অস্বীকার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ওই দিন সৌদি আরবে কোনো সামরিক অভিযান পরিচালনা করেনি। মদিনার দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগকে তিনি মিথ্যা প্রচার বলে উল্লেখ করেন।
তবে সৌদি আরবের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর অভিযোগ অস্বীকার করলেও ইয়াহইয়া সারি রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে এর আগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
এ ছাড়া ইয়েমেনের সাদা প্রদেশের আকাশসীমায় ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের একটি টাইফুন যুদ্ধবিমানে আঘাত করার দাবিও করেন তিনি। বিমানটি ধ্বংস হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে দাবি করেন হুথিদের এই সামরিক মুখপাত্র।
তবে সৌদি জোট ও হুথিদের পরস্পরবিরোধী এসব দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: আনাদোলু এজেন্সি




















