যশোর সরকারি সিটি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল হাসান তদ্রুপকে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। এ সময়ের মধ্যে গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদলের নেতারা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে এ ঘটনার প্রতিবাদে যশোর সরকারি সিটি কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি বের হয়ে শহরের মণিহার চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। পরে বিক্ষোভকারীরা আবার কলেজ ক্যাম্পাসে ফিরে যান।
বিক্ষোভকারীদের অভিযোগ, কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের মাদক সেবন ও বিক্রির প্রতিবাদ করায় ফয়সাল হাসান তদ্রুপের ওপর হামলা চালানো হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে বহিরাগতদের অবাধ প্রবেশ বন্ধ করতে হবে। একই সঙ্গে ক্যাম্পাসে মাদক সেবন ও বিক্রির মতো কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কলেজ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, ক্যাম্পাসে মাদকসহ যেকোনো অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। তবে এসব কর্মকাণ্ড প্রতিরোধে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তাঁরা।
সমাবেশে যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ মোসাম্মৎ রেহানা পারভিন বলেন, কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ প্রবেশ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হয়, এমন পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে কলেজ প্রশাসন সতর্ক থাকবে।
বিক্ষোভ থেকে হামলায় জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। নির্ধারিত ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন ছাত্রদলের নেতারা।




















