### শিরোনাম: যশোরের সিলুমপুরে মাদকমুক্ত সমাজ গঠনে মতবিনিময় সভা
শুক্রবার (৯ অক্টোবর) রাত ৯টার দিকে সিলুমপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সিলুমপুর যুব সমাজের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) মো. মিরাজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন যশোর কেন্দ্রীয় কারাগারের সহকারী সার্জন ও এইচটিসির সভাপতি ডা. মো. সাজ্জাদ হোসেন।
সিলুমপুর যুব সমাজের অভিভাবক মো. মশিউর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শাহরিয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবার ও পুরো সমাজকে বিপর্যস্ত করে তোলে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, শুধু পুলিশের পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। এ ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং ইতিবাচক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় এলাকায় মাদক কেনাবেচা ও সেবনের কোনো ঘটনা চোখে পড়লে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান অতিরিক্ত পুলিশ সুপার। একই সঙ্গে মাদক কারবারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
সভায় বক্তারা মাদকমুক্ত, সুস্থ ও আদর্শ সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ গ্রহণ এবং তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।




















