পরিবেশদূষণ কমাতে ইজিবাইকে প্রচলিত সিসা-অ্যাসিড ব্যাটারির পরিবর্তে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তাঁর মতে, এই প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করা গেলে বিদ্যুৎ সাশ্রয়, পরিবেশদূষণ হ্রাস এবং ইজিবাইক চালকদের আয় বৃদ্ধির সুযোগ তৈরি হবে।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ১২টায় যশোরের সিসিটিএসের সম্মেলনকক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যশোর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) রাজধানীর উত্তরখানে ইজিবাইকে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহারের একটি পরীক্ষামূলক প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে নতুন প্রযুক্তির কার্যকারিতা যাচাই করা হচ্ছে।
তিনি বলেন, লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হলে একবার চার্জে ইজিবাইকের চলাচলের দূরত্ব ৮০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। পাশাপাশি চালকদের দৈনিক আয় প্রায় ২০০ টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে। পর্যায়ক্রমে এ প্রযুক্তি আরও বিস্তৃত করার পরিকল্পনা সরকারের রয়েছে।
দেশের কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রসঙ্গে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমদানিকৃত কয়লার ওপর নির্ভরতা কমাতে দেশের ভূগর্ভে থাকা কয়লা ব্যবহারের সম্ভাবনা নিয়ে সরকার কাজ করছে। তবে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি পরিবেশ সুরক্ষার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, জ্বালানি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশের ওপর প্রভাব বিবেচনায় রেখে পরিকল্পনা গ্রহণ করা জরুরি। বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারে সাশ্রয়ী প্রযুক্তির প্রসার এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আজিজুল হক মনির সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নগর পরিকল্পনাবিদ ইকবাল আহমেদ, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং জেলা বিএনপির সভাপতি সাবিরুল হক সাবুসহ অন্যান্য অতিথি।
সম্মেলনে পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, জ্বালানির সাশ্রয়ী ব্যবহার এবং টেকসই উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনজীবনে দূষণের প্রভাব কমাতে কার্যকর উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।




















