শার্শা প্রতিনিধি: যশোরের শার্শায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার তদন্তে সম্পৃক্ততার সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শার্শা উপজেলার বাগাডাঙ্গা গ্রামের মৃত দাউদ আলী মণ্ডলের ছেলে আমিনুর রহমান (৪১) এবং গোপীনাথপুর গ্রামের আব্দুল জলিল সরকারের ছেলে মহিন ইসলাম (৩৮)।
পুলিশ জানায়, বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে শার্শা থানার এসআই আশীষ সরকার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বাগাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আমিনুর রহমানকে গ্রেপ্তার করেন। একই দিন রাত সাড়ে ১১টার দিকে গোপীনাথপুর এলাকায় নিজ দোকানের সামনে থেকে মহিন ইসলামকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্যমতে, আমিনুর রহমান শার্শা উপজেলার ৮ নম্বর বাগআঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক। অপরদিকে মহিন ইসলাম ১ নম্বর ডিহি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় সদস্য।
পুলিশ আরও জানায়, গত ১৯ সেপ্টেম্বর শার্শা থানায় দায়ের করা একটি মামলার তদন্তে তাদের সম্পৃক্ততার সন্দেহ পাওয়া যায়। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি ধারা এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪/৬ ধারায় মামলা করা হয়। মামলার এফআইআর নম্বর ২৩ এবং জিআর নম্বর ৩০২।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, গ্রেপ্তার দুজনকে যথাযথ পুলিশি নিরাপত্তায় আদালতে পাঠানো হয়েছে।
তিনি বলেন, থানা এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে শার্শা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।




















