যশোর প্রতিনিধি: যশোর শহরের খোলাডাঙ্গা এলাকায় জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে নারীসহ দুজনকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—খোলাডাঙ্গা এলাকার সোলেমান গাজীর ছেলে মানিক গাজী (৩৮) এবং রাজনের স্ত্রী রুনা (৩০)। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে মানিক গাজী ও প্রতিপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে মানিক ও রুনার ওপর ধারালো দা দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। এ সময় তাদের পিঠে কুপিয়ে জখম করা হয়।
এ ঘটনায় একই এলাকার জুল গাজীর দুই ছেলে শহিদুল গাজী (৪৫) ও ইমাম গাজী (৩৮) এবং জুল গাজীর স্ত্রী রুনু (৪৫)-এর বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।
হামলার পর পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত দুজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।




















