বেনাপোল স্থলবন্দরে পণ্য ওঠানামার কার্যক্রম আরও গতিশীল করতে নতুন ক্রেন, ফর্কলিফটসহ আধুনিক সরঞ্জাম যুক্ত করা হয়েছে। নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড দায়িত্ব নেওয়ার পর এসব আধুনিক ইকুইপমেন্ট বন্দরে আনা হয়েছে।
দেশের অন্যতম বৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে প্রতিবছর বিপুল পরিমাণ পণ্য আমদানি-রপ্তানি হয়ে থাকে। এ বন্দর থেকে সরকারও উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আদায় করে। তবে দীর্ঘদিন ধরে বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীদের অভিযোগ ছিল, পণ্য ওঠানামায় ব্যবহৃত ক্রেন ও ফর্কলিফটের সেবার মান প্রত্যাশিত পর্যায়ে ছিল না। ফলে পণ্য খালাসে বেশি সময় লাগত এবং ভোগান্তিতে পড়তে হতো ব্যবসায়ীদের।
সংশ্লিষ্টরা জানান, নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান দায়িত্ব নেওয়ার পর বন্দরে নতুন ক্রেন, ফর্কলিফট ও প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম যুক্ত করা হয়েছে। এতে পণ্য ওঠানামার কাজ দ্রুত সম্পন্ন হওয়ার পাশাপাশি বন্দরের সার্বিক কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে।
এদিকে বন্দর এলাকায় কর্মরত হ্যান্ডলিং শ্রমিকদের টনপ্রতি মজুরি ১৬ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করা হয়েছে। কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে শ্রমিকদের মধ্যে হেলমেট ও গ্লাভসও বিতরণ করা হয়েছে।
শ্রমিকরা জানান, নতুন যন্ত্রপাতি সংযোজনের পাশাপাশি মজুরি বৃদ্ধি ও নিরাপত্তাসামগ্রী পাওয়ায় তাদের কর্মপরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে। নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান দায়িত্ব নেওয়ার পর শ্রমিকদের সঙ্গে যোগাযোগও বেড়েছে বলে তারা জানান।
ব্যবসায়ীরা বলছেন, আধুনিক ক্রেন ও ফর্কলিফটের ব্যবহার বাড়লে পণ্য ওঠানামার কাজ দ্রুত শেষ হবে। এতে আমদানি-রপ্তানি কার্যক্রম সহজ হওয়ার পাশাপাশি বন্দরের রাজস্ব আদায়েও ইতিবাচক প্রভাব পড়তে পারে।
বেনাপোল (৯২৫) হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদ আলী বলেন, বেনাপোল স্থলবন্দরে কাজের গতি বাড়ানোর পাশাপাশি শ্রমিকদের পরিশ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত করতে তারা কাজ করছেন।
এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেডের পরিচালক শহীদ হোসেন বলেন, বেনাপোল স্থলবন্দরের কার্যক্রমের গতি আরও বাড়ানোই তাদের লক্ষ্য। এ জন্য নতুন ও আধুনিক ক্রেনসহ প্রয়োজনীয় ইকুইপমেন্ট আনা হয়েছে। ভবিষ্যতে আরও উন্নত সরঞ্জাম যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
বন্দর সংশ্লিষ্টরা আশা করছেন, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং শ্রমিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির ফলে বেনাপোল স্থলবন্দরে পণ্য ওঠানামার কার্যক্রম আরও গতিশীল হবে।




















