নড়াইল পৌরসভার ডুমুরতলা এলাকার তাফসীর উদ্দিন হাফেজিয়া মাদরাসার ছয় শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুর জেলার গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাহবুবুর রহমান নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি ওই মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট বিকেলে মাদরাসায় পড়ুয়া আট বছর বয়সী এক শিক্ষার্থীর মা সন্তানের খোঁজ নিতে সেখানে যান। এ সময় শিশুটি তার মাকে জানায়, আগের রাতে (২৭ আগস্ট) শিক্ষক মাহবুবুর রহমান তাকে যৌন নির্যাতন করেছেন।
পরে শিশুটির মা বিষয়টি মাদরাসার অন্য এক শিক্ষককে জানান। ওই শিক্ষক শিশুটির কাছে ঘটনা জানতে চাইলে সে বিস্তারিত বর্ণনা দেয়। এরপর মাদরাসার আরও পাঁচ শিক্ষার্থী একই শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করে।
বিষয়টি জানাজানি হওয়ার পর ২৮ আগস্ট অভিযুক্ত শিক্ষক মাদরাসা থেকে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। পরে ভুক্তভোগী এক শিশুর মা শুক্রবার (৫ সেপ্টেম্বর) নড়াইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাহবুবুর রহমানের বিরুদ্ধে মামলা করেন।
মামলার পর পুলিশ অভিযান চালিয়ে গাজীপুরের গাছা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
জানা গেছে, ২০০০ সালে প্রতিষ্ঠিত তাফসীর উদ্দিন হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগে বর্তমানে ১৪ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। সেখানে শিক্ষক রয়েছেন দুজন।
নড়াইল সদর থানার পরিদর্শক অজয় কুমার কুন্ডু বলেন, “দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে মাহবুবুর রহমানকে গাজীপুর জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে।”




















