বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৮ লাখ ১৮ হাজার ৩৮০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৫ সেপ্টেম্বর) দিনব্যাপী বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহল দল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।
আটক পণ্যের মধ্যে রয়েছে ১৪৫টি ভারতীয় শাড়ি, ২ কেজি জিরা, ৮০ প্যাকেট ফুসকা, ৬ দশমিক ৫ কেজি কিসমিস, ৬৫০ প্যাকেট খাদ্যসামগ্রী, ২৬৬টি চকলেট এবং ১ হাজার ২৬টি কসমেটিকস সামগ্রী।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা জোরদারের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সীমান্তের বিভিন্ন এলাকায় চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















