সরকারবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যশোরে আওয়ামী লীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—যশোর শহরের চাঁচড়া মধ্যপাড়ার মৃত শেখ আব্দার রহমানের ছেলে শেখ হাসানুর রহমান, কাজীপাড়া কাঁঠালতলা এলাকার মিজানুর রহমানের ছেলে মাহমুদুল হাসান এবং মৃত আনিছুর রহমানের ছেলে মাহফুজুর রহমান রুবেল।
কোতোয়ালি থানার এসআই আমিত কুমার ঘোষ জানান, গত ৩১ জুলাই রাতে যশোর শহরের রামনগর পিকনিক কর্নারের কাছে সরকারবিরোধী একটি মিছিলের ঘটনা ঘটে। পুলিশ বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামধারী নেতাকর্মীরা ওই মিছিল বের করেন।
এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়। মামলাটিতে আটক তিনজনকে সন্দেহভাজন আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। পুলিশের দাবি, আটক তিনজনই আওয়ামী লীগের সক্রিয় কর্মী।
শুক্রবার তাদের আটকের পর শনিবার আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।




















