শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে শেরপুর পৌরসভার নবীনগর নয়াপাড়া এলাকায় পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় অবস্থিত তার বাসভবন থেকে তাদের থানায় নেওয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে রুস্তম আলীর বাসভবনে এক অপরিচিত নারীকে প্রবেশ করতে দেখা যায়। পরে গভীর রাত পর্যন্ত ওই নারী সেখানে অবস্থান করায় স্থানীয়দের সন্দেহ হয়। বিষয়টি তারা পুলিশকে জানান।
খবর পেয়ে শেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সহকারী পরিচালক রুস্তম আলী ও ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তথ্য যাচাই ও জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নেওয়া হয়।
ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই নারী রুস্তম আলীর দূর-সম্পর্কের শালী। তার বাড়ি কুষ্টিয়ার মিরপুর এলাকায়। প্রাথমিকভাবে তার নাম ওজিলা বলে জানা গেছে।
তিনি আরও বলেন, সরকারি একটি প্রতিষ্ঠানের ভেতরে গভীর রাতে লোকজনের উপস্থিতি দেখতে পাওয়ায় নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে তাদের থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।




















