যশোরের বাঘারপাড়ায় অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিনহাজুর রহমান স্বাধীন (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (১১ আগস্ট) উপজেলার জহুরপুর ইউনিয়নের চতুরবাড়িয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। শালিখা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক মিনহাজুর রহমান বাঘারপাড়া উপজেলার হলদা গ্রামের প্রফেসর মিজানুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, চতুরবাড়িয়া বাজার এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মিনহাজুর রহমানকে সন্দেহভাজন হিসেবে আটক করে তল্লাশি চালালে তার হেফাজত থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।




















