বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (RAW বা ‘র’)-এর প্রধান পরাগ জৈন।
সরকারের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে বাংলাদেশ সফরে এসেছেন পরাগ জৈন। তবে তাঁর সফর নিয়ে বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
রোববার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে প্রতিনিধি দলটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন—অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী।
সরকারি সূত্রের বরাতে জানা গেছে, সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা ঢাকার একটি হোটেলে অবস্থান করবেন।
পরাগ জৈন বর্তমানে ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (RAW) সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (SPG) স্পেশাল সেক্রেটারির দায়িত্বেও রয়েছেন।
ঢাকায় আসার আগে পরাগ জৈন চীন সফর করেছেন বলেও জানা গেছে।
বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ‘র’ প্রধানের এ সফরকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তবে সফরে আলোচনার বিষয়বস্তু বা সম্ভাব্য বৈঠক সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।




















