সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায় বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
রোববার দুপুর আনুমানিক ২টার দিকে মুসা সানাইয়া শিল্প এলাকার ওই সোফা কারখানায় আগুন লাগে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ রেজায়ে রাব্বী জানান, ঘটনাস্থলে ১৬ জনের মৃত্যুর বিষয়টি ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা নিশ্চিত করেছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, নিহত সবাই বাংলাদেশি নাগরিক। আগুনে পুড়ে মরদেহগুলোর অবস্থা গুরুতর হওয়ায় পরিচয় শনাক্ত করতে জটিলতা দেখা দিয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে আত্রাই উপজেলার ১৩ জনের মৃত্যুর খবর এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে।
নিহতদের কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন—আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের কলি (৩০), লুৎফর (৩২), জান্ডার, রুবেল, বিশা এলাকার সাগর, মজিদুল, দুবাই এলাকার শুভ, সুমন, পারকাসুন্দা গ্রামের জালাল এবং উদনপৈ গ্রামের মো. ফরিদ শেখ। তবে নিহতদের সবার পরিচয় এখনো নিশ্চিতভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
জেলা প্রশাসক জানান, সৌদি কর্তৃপক্ষের মাধ্যমে নিহতদের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।
ভয়াবহ এ ঘটনায় রিয়াদে বাংলাদেশ দূতাবাস গভীর শোক প্রকাশ করেছে। দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে নিহতদের পরিচয় শনাক্ত করতে স্থানীয় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রেখেছেন।
অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।





















