নিজস্ব প্রতিবেদক:
যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ দুইজন কথিত মাদক কারবারিকে আটক করা হয়েছে। রোববার (২ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার গোড়পাড়া উত্তরপাড়া মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—শার্শা উপজেলার গোড়পাড়া (উত্তরপাড়া) গ্রামের মৃত রাজ্জাকের ছেলে বাবু মোল্লা (৫০) এবং কন্দর্পপুর (মাঝেরপাড়া) গ্রামের আইয়ুব আলীর ছেলে আবু হানিফ (২৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার একটি দল গোড়পাড়া উত্তরপাড়া মোড়ে বাবু মোল্লার চায়ের দোকানে অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ৭০ গ্রাম ও ৩০ গ্রামসহ মোট ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে ঘটনাস্থল থেকেই দুজনকে আটক করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হচ্ছে।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে শার্শা থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




















