বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অভিযোগ করেছেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের হয়রানি ও সাইবার বুলিংয়ের সঙ্গে জড়িত। একই সঙ্গে তিনি এসব কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানান।
রোববার (২ আগস্ট) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘রক্তাক্ত জুলাই স্মরণ প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলামের সঞ্চালনায় নাছির উদ্দীন নাছির বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গত দুই বছরেরও বেশি সময় ধরে দেশের বিভিন্ন ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের বিভিন্নভাবে হেনস্থা ও সাইবার বুলিং করে আসছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের বিরুদ্ধে ছাত্রদলসহ বিভিন্ন গণতান্ত্রিক ছাত্রসংগঠন অবস্থান নিলেও একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিবির ‘ফিমেল কর্নার’ চালু করে।
তিনি বলেন, “দেশের প্রতিটি ক্যাম্পাসে যারা বিকৃত মানসিকতা ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত, তাদের প্রতি আমি ধিক্কার জানাই। শিক্ষার্থীদের এসব কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানাচ্ছি।”
জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে নাছির উদ্দীন নাছির বলেন, ওই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তার দাবি, আন্দোলনে ছাত্রদলের ১৪২ জন নেতাকর্মী নিহত হয়েছেন। শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক, সাম্যভিত্তিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নের পথ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের মধ্য দিয়ে আন্দোলনের সফলতা আসে। জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীরা প্রকাশ্যে রাজপথে থেকে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলেও তিনি দাবি করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। প্রধান বক্তা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মামুনুর রশীদ মামুন।
এছাড়া রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে আয়োজিত এ আলোচনা সভায় জাতীয়তাবাদী শিক্ষকবৃন্দ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং মহানগর বিএনপির নেতারাও উপস্থিত ছিলেন।




















