চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার এক উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম এবং জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ তুলে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন।
অভিযোগে বলা হয়েছে, আবু ইউছুফ, যিনি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ছাত্র এবং বর্তমানে সীতাকুণ্ড পৌরসভার উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত, চাকরিকালীন সময়ে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদের মালিক হয়েছেন। অভিযোগকারীদের দাবি, তার অর্জিত সম্পদের উৎস নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
তাদের অভিযোগ, সরকারি দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অনিয়মের মাধ্যমে তিনি অবৈধ সম্পদ অর্জন করেছেন। তাই বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে তার আয়-ব্যয়ের হিসাব, সম্পদের উৎস এবং দায়িত্ব পালনকালে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখতে দুদকের হস্তক্ষেপ কামনা করা হবে।
অভিযোগকারীরা আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটিত হলে তা জনস্বার্থে প্রকাশ করা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।
তবে এ অভিযোগের বিষয়ে উপসহকারী প্রকৌশলী আবু ইউছুফের বক্তব্য এখনো পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে




















