ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকারের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। স্মারকলিপিতে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ভবদহ অঞ্চলের স্থায়ী জলাবদ্ধতা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে চরমভাবে ব্যাহত করছে। কৃষি, শিক্ষা, যোগাযোগ ও জনস্বাস্থ্যসহ সব খাতেই এর নেতিবাচক প্রভাব পড়ছে। তাই দ্রুত সমস্যা সমাধানে চার দফা দাবি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।:
- অবিলম্বে আমডাঙ্গা খালের সংস্কার কাজ সম্পন্ন করতে হবে।
- খর্ণিয়া থেকে কুলবাড়িয়া পর্যন্ত ভৈরব নদীর দক্ষিণ পাশের সব অস্থায়ী বাঁধ অপসারণ এবং দ্রুত নদীর পলি অপসারণ করতে হবে।
- আইডব্লিউএম (IWM)-এর সুপারিশ অনুযায়ী নদী খননের পাশাপাশি বিলভিত্তিক টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়ন করতে হবে।
- জলাবদ্ধ এলাকায় বসবাসকারী মানুষের জন্য স্বাস্থ্যসেবা, চিকিৎসা ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হবে।
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির সদস্যসচিব চৈতন্য কুমার পাল স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ভবদহ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে সরকারের জরুরি ও কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ভবদহ পানি নিষ্কাশন ও ভৈরব নদ সংস্কার আন্দোলনের প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, উপদেষ্টা তসলিমুর রহমান, অন্যতম নেতা জিল্লুর রহমান ভিটু, অনিল বিশ্বাস, রাজু আহম্মেদ, সাধন বিশ্বাস, আলমগীর সিদ্দিকী, শেখ মাসুদ আলমসহ আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ।




















