ভারত থেকে বাংলাদেশি পরিচয় দিয়ে সীমান্ত পেরিয়ে পুশইন করা এক ভারতীয় নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
আটক নারী রেশমা বিবি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের পাকুর জেলার মহেশপুর থানার খাগড়া গ্রামের বাসিন্দা। তিনি রাজু শেখের স্ত্রী ও বুলু শেখের মেয়ে বলে জানা গেছে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় রেশমা বিবিকে তার শিশুসন্তানসহ আটক করা হয়। পরে বিজিবির হাবিলদার এস এম সহিদুল ইসলাম বাদী হয়ে শুক্রবার গভীর রাতে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মাহাবুবুর রহমান জানান, শনিবার দুপুরে আটক রেশমা বিবিকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নিজ দেশের অভ্যন্তর থেকে রেশমা বিবি ও তার শিশুসন্তানকে আটক করে। পরে তাদের বাংলাদেশি পরিচয় দিয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করা হয় বলে অভিযোগ রয়েছে।
তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে ভারতীয় কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনার প্রকৃত সত্যতা যাচাই এবং পুশইনের অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে





















