ব্রাজিলের রিও ডি জেনেইরোতে আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে জনপ্রিয় মার্কিন গায়ক ও ইন্টারনেট ব্যক্তিত্ব অলিভার ট্রি নিহত হয়েছেন। ভয়াবহ এ দুর্ঘটনায় মোট ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
রোববার (১৪ জুন) স্থানীয় সময় সকাল ৯টার দিকে রিও ডি জেনেইরোর রেক্রেইও দোস বান্দেইরান্তেস এলাকায় দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর একটি হেলিকপ্টার একটি গাড়ি পার্কিং এলাকায় বিধ্বস্ত হলে সেখানে থাকা প্রায় ২০টি গাড়িতে আগুন ধরে যায়।
দুর্ঘটনায় অলিভার ট্রির পাশাপাশি আর্জেন্টাইন কনটেন্ট নির্মাতা গাসপার প্রিম দিয়াজ (গাসপি), লুকাস ব্রিটো শাভেস, লুকাস ভিনিয়ালে এবং দুই পাইলট আলেক্সান্দ্রে সৌজা ও চার্লস মার্সিলাক নিহত হন।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ব্রাজিলের বিমান দুর্ঘটনা তদন্ত সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য-উপাত্ত সংগ্রহ করছেন।
১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া অলিভার ট্রি ‘লাইফ গোজ অন’, ‘মিস ইউ’ ও ‘এলিয়েন বয়’-এর মতো জনপ্রিয় গানের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যতিক্রমধর্মী সংগীত উপস্থাপনার কারণে তিনি তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয় ছিলেন।
সম্প্রতি বিশ্ব সফরের অংশ হিসেবে তিনি ব্রাজিলে অবস্থান করছিলেন। গত ৬ জুন সাও পাওলোতে তার সর্বশেষ কনসার্ট অনুষ্ঠিত হয়। আগামী মাসে পর্তুগালসহ ইউরোপের বিভিন্ন দেশে তার একাধিক অনুষ্ঠানের সূচি ছিল।




















