নোয়াখালীর হাতিয়া উপজেলা-এ ৫৪ বছর আগে সাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হওয়া এক জেলে হঠাৎ ফিরে আসায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত ভেবে যাকে পরিবার প্রায় ভুলেই গিয়েছিল, সেই ছৈয়দ আহাম্মদ (৮৩) বৃদ্ধ বয়সে আবারও ফিরে পেয়েছেন নিজের ভিটেমাটি ও স্বজনদের।
গত মঙ্গলবার (৫ মে) হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পাঁচবিঘা গ্রামের ফজলি বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, পাঁচ দশক আগে কুতুবদিয়া উপকূলে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হন ছৈয়দ আহাম্মদ। দীর্ঘদিন তার কোনো খোঁজ না পাওয়ায় পরিবার ধরে নেয় তিনি আর বেঁচে নেই।
পরিবারের দাবি, দুর্ঘটনার পর কোনোভাবে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান তিনি। সেখানে বিভিন্ন এলাকা ও ধর্মীয় প্রতিষ্ঠানে দীর্ঘদিন কাটান। সম্প্রতি ভারতের হাওড়া স্টেশন এলাকায় ছিনতাইয়ের শিকার হলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশে পাঠানো হয়।
গত মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে ফিরে এসে নিজের পরিচয় দিলে প্রথমে বিস্মিত হয়ে পড়েন স্বজনরা। পরে আত্মীয়স্বজন ও স্থানীয় বয়োজ্যেষ্ঠরা তাকে শনাক্ত করেন। খবর ছড়িয়ে পড়লে একনজর দেখতে তার বাড়িতে ভিড় করেন উৎসুক মানুষ।
তবে দীর্ঘদিন পর ফিরে আসার এ ঘটনায় পরিবারে নতুন জটিলতাও তৈরি হয়েছে। ছৈয়দ আহাম্মদের ছেলে মো. আকরাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তার অভিযোগ, কয়েকজন ব্যক্তি তার বাবাকে নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি পারিবারিক সম্পদ ও টাকাপয়সা নিয়েও আলোচনা শুরু হয়েছে।
এ বিষয়ে মো. কবির হোসেন বলেন, বৃদ্ধের ছেলে আকরাম জানিয়েছেন তার বাবা ফেরত আসার পর চাচাতো ভাইদের কাছে উঠেছেন। পরে সামাজিক সিদ্ধান্তে তাকে নিজের কাছে রাখতে চাইলে চাচাতো ভাইরা বাধা দেন বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি লিখিতভাবে পুলিশকে জানানো হয়েছে।




















