যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার আসামি কাজী রাকিব ওরফে ‘ভাইপো রাকিব’কে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বিএনপি নেতা আলমগীর হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে বুধবার রাতে তাকে আটক করা হয়।
আটক রাকিব শহরের শংকরপুর এলাকার তৌহিদুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন অলোক কুমার দে।
ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, ভাইপো রাকিব যশোরের চিহ্নিত সন্ত্রাসীদের একজন। তার বিরুদ্ধে চারটি হত্যা মামলা, সাতটি অস্ত্র মামলা, চারটি বিস্ফোরক মামলা এবং চাঁদাবাজিসহ মোট ২৭টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটিতে তিনি ওয়ারেন্টভুক্ত আসামি বলেও জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি বিএনপি নেতা আলমগীর হত্যা মামলার গ্রেপ্তার আসামিদের জবানবন্দিতে ভাইপো রাকিবের নাম উঠে আসে। সেই তথ্যের ভিত্তিতেই গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। তদন্ত সংশ্লিষ্টরা ধারণা করছেন, জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
এদিকে ভাইপো রাকিব আটকের খবরে যশোর শহরে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অপরাধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।




















