যশোরের ঝিকরগাছা উপজেলায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা ও পৌর প্রশাসন। বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত পৌর সদরের বাজার এলাকা এবং যশোর-বেনাপোল মহাসড়ক-এর দুই পাশে এ অভিযান পরিচালিত হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী সোমবার (২৭ এপ্রিল) মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পৌর এলাকার জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা এবং শহরের সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ। পরবর্তীতে তার অনুপস্থিতিতে অভিযান পরিচালনার দায়িত্ব পালন করেন পৌর নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার হাজরা।
পৌর নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার হাজরা জানান, পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী পৌর প্রশাসকের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হচ্ছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পৌরবাসীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এবং যানজট ও জনদুর্ভোগ কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা, বাংলাদেশ পুলিশ-এর ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শাহ জালাল আলম, পৌর সহায়ক কমিটির আহ্বায়ক ও বাজার পরিদর্শক সাইফুল ইসলাম সোহাগসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে পৌর এলাকার বিভিন্ন স্থানে রাস্তা ও ফুটপাত দখল করে টং দোকান, ফার্নিচার, কাঠের লগ ও চালা-ছাউনি দিয়ে অবৈধ স্থাপনা গড়ে ওঠে, যার ফলে জনসাধারণের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। অভিযানের মাধ্যমে এসব স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করা হচ্ছে।




















